সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৯ এএম

২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে ঘিরে গোটা ময়মনসিংহ বিভাগজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আজ দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।

বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, এই জনসভা থেকে তারেক রহমান ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের একমঞ্চে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেবেন এবং তাঁদের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চাইবেন। সর্বশেষ ২০০৪ সালে তিনি ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধিসভায় অংশ নিয়েছিলেন। দীর্ঘ দুই দশক পর নেতার সরাসরি উপস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সোমবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন।

ময়মনসিংহবাসীর জন্য তারেক রহমান কী বার্তা নিয়ে আসছেন, তা নিয়ে স্থানীয় মহলে ব্যাপক কৌতূহল রয়েছে। বিভাগীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, তিনি ময়মনসিংহকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে গড়ে তোলার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেবেন। এর মধ্যে রয়েছে:

ব্রহ্মপুত্র নদের ওপারে আধুনিক উপশহর নির্মাণ।

ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর।

একটি আধুনিক বিমানবন্দর ও ক্রিকেট স্টেডিয়াম স্থাপন।

নগরীর যানজট নিরসনে রেললাইন স্থানান্তর ও ফ্লাইওভার নির্মাণ।

চরাঞ্চলের কৃষি পণ্যের জন্য কোল্ড স্টোরেজ এবং বেকার সমস্যা সমাধান।

তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে সার্কিট হাউস এলাকা। নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে শোভা পাচ্ছে রঙ-বেরঙের তোরণ, ব্যানার ও ফেস্টুন। বিএনপি নেতাদের দাবি, আজকের এই জনসভা ময়মনসিংহের ইতিহাসে সর্ববৃহৎ রাজনৈতিক সমাবেশে পরিণত হবে, যা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।