মে ১৪, ২০২৬, ০২:১২ পিএম
আজ বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার দুপুর ১২টায় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক আলোচনা করেন।
সংসদ ভবন কার্যালয়ের বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনায় পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন উপস্থিত ছিলেন।বৈঠকে মতবিনিময়কালে তারা বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন।
বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বাংলাদেশের গণতন্ত্রকে কীভাবে অর্থবহ করা যায় এবং দেশের বিভিন্ন সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টিও এই আলোচনায় অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়।এর পাশাপাশি দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করা যায়, সে জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।
জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে এসময় আরও উপস্থিত ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম। বৈঠক শেষে ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির এই ধারা অব্যাহত থাকবে বলে তারা যৌথ আশাবাদ ব্যক্ত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন