এম এ এস আসাদ
মে ১৪, ২০২৬, ০৭:২০ পিএম
ছবি-দিনাজপুর টিভি
স্বাধীনতার প্রত্যাশা পূরণে অতীতের সরকারগুলোর ব্যর্থতার ধারাবাহিকতায় এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেক্ষিতেই ২০২৪ এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তবে কাঙ্ক্ষিত সংস্কার ও দেশের কাঠামোগত পরিবর্তন না হওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে বলে তিনি জানান।
বৃহস্পতিবার (১৪ মে) নোয়াখালীর মাইজদি বাজারে অনুষ্ঠিত জেলা ও থানা যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে নতুন করে গঠন করার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা ম্লান হতে চলায় এর দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমীর বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এবং দ্রব্যমূল্য ক্রমাগত বেড়েই চলছে। এর ফলে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে আছে। পাশাপাশি দেশে হামে আক্রান্ত হয়ে শতশত শিশু মারা যাচ্ছে উল্লেখ করে তিনি জানান, এসব সংকটের বিপরীতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন সংস্কারের লক্ষ্যে নেওয়া অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা ছিল সাধারণ মানুষের জনদুর্ভোগ দূর করা এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ ঘটানো। বর্তমান সরকারকে সেই লক্ষ্যেই কাজ করতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই আহ্বান জানান, জনপ্রত্যাশা ও নিজেদের অঙ্গীকার পূরণে আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখতে হবে। একই সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের চলমান সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দেন।