মুজিবুল আলম
মে ১৬, ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন পূরণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি। Saturday (১৬ মে) সকালে সিলেট মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগরীর রিকাবীবাজারস্থ এম. সাইফুর রহমান অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সিলেট মহানগরীর আওতাধীন সব রুকন অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, বিগত সংসদ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট দিলেও দেশি-বিদেশি চক্রান্তের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে।
আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়ে বিগত সরকার শীর্ষ নেতাদের ফাঁসি দিয়েছে এবং কারাগারে নির্যাতন চালিয়েছে। তিনি নিজে ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে আজকে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। দেশে নতুন ফ্যাসিবাদ ঠেকাতে এবং আগামী দিনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে তিনি নেতাদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান অতিথিকে জীবন্ত শহীদ বলে আখ্যা দেন। সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, নতুন সরকার ক্ষমতায় গিয়ে আবার ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে এবং তারা গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে। মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্য স্থানীয় নেতারাও তাদের সাংগঠনিক বক্তব্য তুলে ধরেন।