আগস্ট ২২, ২০২৬, ০৬:৩৭ পিএম
সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করা বিশ্বজয়ী হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। শনিবার চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় পীর সাহেব চরমোনাই হাফেজ জাকারিয়ার সাফল্যকে বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন হিসেবে উল্লেখ করেন।তরুণ মেধাবীদের এমন গৌরবজনক সাফল্য রাষ্ট্রীয়ভাবে উদযাপনের দাবি জানান পীর সাহেব চরমোনাই।অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই হাফেজ নুরুদ্দিন জাকারিয়া, তার উস্তাদ ও রায়হান মাদরাসার প্রিন্সিপ্যাল মুফতী কাইয়ুম মোল্লা এবং হাফেজের পিতা মাওলানা নুরুল আমিনকে আমন্ত্রণ জানান।
তিনি বলেন, বিশ্বের দরবারে যারা দেশের সম্মান উজ্জ্বল করছেন, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যমে অনুপ্রাণিত করা প্রয়োজন। এ ধরনের বিজয় শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের জন্য অত্যন্ত গৌরবের।সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জামেয়ার উস্তাদবৃন্দ উপস্থিত ছিলেন।
পীর সাহেব চরমোনাই জানান, এবারের প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও অচিরেই সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়াও প্রতিযোগিতায় বিজয়ী নারী হাফেজদের কাছেও সম্মাননাপত্র পাঠানোর কথা তিনি উল্লেখ করেন। হাফেজ জাকারিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন