মার্চ ৩০, ২০২৬, ০৫:১১ পিএম
অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠিত ও পরিচালিত অন্যতম বৃহত্তম সামাজিক ও ধর্মীয় সংগঠন ইসলামিক প্র্যাকটিস এন্ড দাওয়াহ সার্কেল বা আইপিডিসি তাদের ২৫ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে। এই রজতজয়ন্তী উপলক্ষে দেশটির প্রধান প্রধান শহরগুলোতে মার্চ এবং এপ্রিল মাসব্যাপী বর্ণাঢ্য ইসলামী আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের দীর্ঘ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লিগ্যাসি অফ ফেইথ’ শিরোনামে আয়োজিত এই সিরিজ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মওলানা মিজানুর রহমান আজহারী ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় এসে পৌঁছেছেন।
এই সফরে মওলানা আজহারীর সঙ্গে যোগ দিতে আগামী কয়েক দিনের মধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশের আরেক প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মওলানা আহমাদুল্লাহ। প্রবাসীদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই দুই বক্তার উপস্থিতি এবারের আয়োজনকে ভিন্ন মাত্রা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আইপিডিসি তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিডনি, মেলবোর্ন, ক্যানবেরাসহ বিভিন্ন শহরে এই অনুষ্ঠানগুলো আয়োজিত হবে। প্রবাসে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোকে বিশেষ করে নতুন প্রজন্মকে ইসলামের সঠিক জীবনবোধ ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।ঘোষিত সময়সূচি অনুযায়ী, ৩১ মার্চ মঙ্গলবার বিকেল ছয়টায় ব্রিসবেন ইসলামিক কলেজে প্রথম অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর ৩ এপ্রিল শুক্রবার মেলবোর্নের আল তাকওয়া কলেজ এবং ৪ এপ্রিল শনিবার সিডনির ডায়মন্ড ভেন্যুতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
পরবর্তীতে ৬ এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, ১০ এপ্রিল এডিলেইডের উডভিল টাউন হল এবং ১১ এপ্রিল শনিবার পার্থে সর্বশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই সফরের সমাপ্তি ঘটবে। প্রতিটি অনুষ্ঠানেই আলোচনা পর্বের পাশাপাশি থাকছে প্রবাসীদের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রবাসীরা আগে থেকেই সংগঠনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে টিকিট সংগ্রহ করে তাদের আসন নিশ্চিত করতে পারবেন। আইপিডিসি প্রত্যাশা করছে যে, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রবাসীদের সেবায় নিয়োজিত এই সংগঠনের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানমালা অস্ট্রেলিয়ার মাটিতে ইসলামের শিক্ষা ও ঐতিহ্য চর্চায় শিশু-কিশোর ও তরুণদের আরও বেশি উৎসাহিত করবে। একই সঙ্গে প্রবাসী জীবনে নিজেদের ধর্মীয় স্বকীয়তা বজায় রাখতে এই সফর বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজক কমিটির সদস্যরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন