সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিশাত নি‍‍`হত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০১:০৪ পিএম

নিউ ইয়র্কে ট্রাক চাপায় বাংলাদেশি তরুণী নিশাত নি‍‍`হত

নিহত বাংলাদেশি তরুণী নিশাত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাকের চাপায় নিশাত জান্নাত নামে ১৯ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত রবিবার রাত ১২টার দিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নিকটবর্তী উডসাইড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 নিহত নিশাত সিটি কলেজ অব নিউ ইয়র্কের শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি জ্যামাইকার পারসন্স বুলেভার্ডের একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, একটি ময়লার ট্রাক রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিম দিকে যাচ্ছিল। ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেনে ডানদিকে মোড় নেওয়ার সময় ট্রাকটি নিশাতকে সজোরে আঘাত করে। 

খবর পেয়ে জরুরি চিকিৎসা সেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তারা নিশাতকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ট্রাকের চালক ৩৮ বছর বয়সী এক নারী দুর্ঘটনাস্থলেই অবস্থান করছিলেন। তিনি সামান্য আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।নিশাত জান্নাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামে। 

তার বাবা হেলাল উদ্দিন গত আট বছর আগে সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় সপরিবারে নিউ ইয়র্কে পাড়ি জমান। বর্তমানে তিনি স্থানীয় উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। চার কন্যার মধ্যে নিশাত ছিলেন দ্বিতীয়। তার বড় বোন নওশিন জান্নাত জানান যে নিশাত খুবই ধর্মপ্রাণ এবং আশাবাদী মানুষ ছিলেন। পরিবারের সদস্যদের সব সময় আল্লাহর ওপর ভরসা রাখার কথা বলতেন তিনি। নিশাতের মৃত্যুতে তার ৪ ও ৯ বছর বয়সী আরও দুই ছোট বোন ও বাবা-মা শোকাহত।

এদিকে মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে নিউ ইয়র্কেই দাফন করা হবে বলে জানিয়েছে তার পরিবার। ট্রাকটির মালিকানাধীন প্রতিষ্ঠান রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে যে তারা পুলিশি তদন্তে সব ধরনের সহযোগিতা করছে। প্রতিষ্ঠানের মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের পক্ষ থেকেও এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় প্রবাসীদের মাঝে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।