মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২৬, ২০২৬, ০২:৫১ পিএম

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাতের ময়দান

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা পালনে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন ১৬ লাখেরও বেশি হজযাত্রী। মঙ্গলবার জিলহজ মাসের নবম দিনে হাজিরা মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করেন। লাখো কণ্ঠে এখন ধ্বনিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক।’

আরাফাতের ময়দানে অবস্থান বা উকুফে আরাফাকে হজের মূল রুকন বলা হয়।সূর্যাস্ত পর্যন্ত হাজিরা এই পবিত্র ময়দানে অবস্থান করে ইবাদত, কুরআন তিলাওয়াত ও প্রার্থনায় দিন অতিবাহিত করবেন। 

দুপুর নাগাদ মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হয়। খুতবার পর সুন্নাহ অনুযায়ী হাজিরা জোহর ও আসরের নামাজ সংক্ষিপ্ত আকারে আদায় করেন। জাবালে রহমতের পাদদেশে অনেকেই অবস্থান নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনে মশগুল রয়েছেন।

আরাফাতের দিনটি মুসলিমদের কাছে ক্ষমা ও আত্মশুদ্ধির প্রতীক।মক্কা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এই প্রান্তরে বিদায় হজের সময় মহানবী (সা.) তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এখানেই হযরত আদম (আ.) ও হাওয়া (আ.) পুনর্মিলিত হয়েছিলেন। 

দিনভর প্রার্থনা শেষে সূর্যাস্তের পর হাজিরা মুযদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় করে রাত কাটাবেন তারা।পরদিন মিনায় ফিরে শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে।