শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নেইমারের ছবি দিয়ে ফিফা বলল ‘রাগ করলা’

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২১, ২০২৬, ০৭:৪৭ পিএম

নেইমারের ছবি দিয়ে ফিফা বলল ‘রাগ করলা’

নেইমার ও ফিফা

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে আলোচিত সংলাপ ‘রাগ করলা’। ফেসবুক, টিকটক কিংবা ইউটিউব—সবখানেই এখন এই সংলাপের জয়জয়কার। বিস্ময়কর হলেও সত্য, বাংলাদেশের পেশাদার অভিনেতা ঈমান আলীর মুখে শোনা এই সংলাপটি এখন পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার দরবারে! 

বৃহস্পতিবার ফিফার ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলিয়ান তারকা নেইমারের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে—‘কি প্রতিপক্ষ রাগ করলা?’।ক্যাপশনের সঙ্গে ব্রাজিলের জাতীয় পতাকার ইমোজি ও ভালোবাসার প্রতীক যুক্ত করে তারা লিখেছে, ‘ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তন’।

ফিফার মতো আন্তর্জাতিক একটি সংস্থার পেজে বাংলাদেশের একটি ভাইরাল সংলাপের ব্যবহার মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমীদের মাঝে। স্বাভাবিকভাবেই এটি বাংলাদেশি নেট নাগরিকদের কাছে এক দারুণ বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

ফিফার পোস্টটি দেখার পর থেকে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং হাস্যরসাত্মক সব মন্তব্য। নেইমারের ইনজুরি ও মাঠের ফেরার অপেক্ষায় থাকা ভক্তদের কাছে ফিফার এই পোস্টটি এক বিশেষ বার্তা বয়ে এনেছে।ফুটবল রাজপুত্রের প্রত্যাবর্তনের প্রতীক্ষায় থাকা নেইমারের ভক্তরা এই পোস্টটিতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিচ্ছেন।

এক সময়ের আলোচিত এই সংলাপটি এভাবে আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃত হওয়ায় অনেকেই বেশ আনন্দ প্রকাশ করছেন। ফিফার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে যে, ইন্টারনেটের ভাইরাল ট্রেন্ডগুলো এখন আর ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তা বিশ্বজুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে।