জুন ২০, ২০২৬, ১০:২২ পিএম
২০১০ সালের ফুটবল বিশ্বকাপে সব ম্যাচের নিখুঁত ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল পল দ্য অক্টোপাস। এবারও চলতি ফুটবল বিশ্বকাপ জয়ী দলের নাম নিয়ে ভবিষ্যদ্বাণী করতে হাজির হয়েছে হাতি, গরিলা, বিড়াল, গোল্ডফিশ ও শিম্পাঞ্জির মতো বিভিন্ন প্রাণী। মেক্সিকোর গুয়াদালাজারা চিড়িয়াখানাসহ বিশ্বের বিভিন্ন দেশের পার্ক ও অ্যাকুয়ারিয়ামে এখন চলছে এই মজার গণনাযজ্ঞ।দেশভিত্তিক পতাকার সামনে বিভিন্ন খাবার বা জার্সির কাটআউট রেখে এই পরীক্ষা চালানো হচ্ছে।
চিড়িয়াখানার দুটি খুদে ক্যাপিবারা ধারণা করেছে এবার মেক্সিকোই চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে ৩৯ বছর বয়সী গরিলা চেঞ্চার দাবি, আগামী ২৭ জুন উরুগুয়ের কাছে হেরে যাবে অন্যতম ফেভারিট স্পেন। তবে তার বন্ধু গরিলা ফউস্তিনার বাজি আবার স্পেনের দিকেই। চিড়িয়াখানার দুটি জিরাফ গণনা করে জানিয়েছে, `কে` গ্রুপে কঙ্গো হারিয়ে দেবে শক্তিশালী কলম্বিয়াকে। এর আগে মেক্সিকো যে দক্ষিণ আফ্রিকাকে হারাবে, তা একটি হাতির নিখুঁত গণনা থেকে মিলে গিয়েছিল।
তবে সব প্রাণীর গণনা যে সব সময় মিলছে তা কিন্তু নয়। ১৪ বছর বয়সী একটি পুমা ভবিষ্যদ্বাণী করেছিল যে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়াকে হারাবে, কিন্তু বাস্তবে চেকদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যদিকে বাজি ধরে কানাডায় আলোড়ন তুলেছে এক বিশেষ জ্যোতিষী গোল্ডফিশ, যার নাম রাখা হয়েছে সুইমবাপে। একটি অ্যাকোরিয়ামে রাখা দুই দেশের পতাকার মধ্যে সে ইতিমধ্যে প্রথম ২০টি ম্যাচের মধ্যে ১০টির সঠিক পূর্বাভাস দিয়েছে।
ইংল্যান্ডের কেন্টের এক বন্যপ্রাণী পার্কে রয়েছে চার মাসের এক শিম্পাঞ্জি জেন। `এল` গ্রুপে ইংল্যান্ড ৪-২ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারাবে বলে জেন যে পূর্বাভাস দিয়েছিল, তা শতভাগ সত্য প্রমাণিত হয়েছে। তবে অতীতে এই পার্কের ঘোড়া অ্যাঙ্গাস সব গণনা মেলাতে পারেনি।
রিও ডি জেনেইরোর অ্যাকোরিয়ামে এক হাঙর ব্রাজিল বনাম মরক্কো ম্যাচে ব্রাজিলের জয়ের কথা বললেও নিম্বুস নামের একটি বিড়াল নিখুঁতভাবে জানিয়ে দেয় ম্যাচটি ড্র হবে। বিশ্বকাপ যত সামনে এগোবে, এই খুদে জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী নিয়ে মানুষের আগ্রহ তত বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন