জুলাই ১, ২০২৬, ০৮:১৭ পিএম
চলতি বিশ্বকাপে একের পর এক দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে প্রতিপক্ষদের অনায়াসে উড়িয়ে দিচ্ছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কিলিয়ান এমবাপের দুর্দান্ত ফর্ম, আক্রমণভাগের ভয়ংকর গতি আর পুরো দলের সমন্বিত নৈপুণ্যে দিদিয়ের দেশমের দলকে এখন অনেকেই শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছেন। তবে ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে, এই মুহূর্তে বিশ্বমঞ্চে ফরাসিদের থামানোর সামর্থ্য আছে একমাত্র লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনার।
শেষ বত্রিশের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স।ম্যাচের পর এক আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলে বিশ্বকাপ বিশ্লেষণ করতে গিয়ে গ্যারি নেভিল বলেন, বর্তমান খেলার ধরন ও পারফরম্যান্স বিবেচনায় ফ্রান্স অন্য সব দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। তিনি উল্লেখ করেন, এই মুহূর্তে ফ্রান্সের জয়রথ থামাতে পারবে এমন দল হিসেবে তিনি কেবল আর্জেন্টিনাকেই দেখছেন, কারণ তাদের মানসিকতা, লড়াই করার লড়াকু এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। আর্জেন্টিনার প্রশংসা করতে গিয়ে সাবেক এই ইংলিশ ফুটবলার আরও বলেন, তাদের মধ্যে এমন এক ইস্পাতকঠিন ঐক্য এবং প্রতিযোগিতামূলক মানসিকতা রয়েছে যা ফ্রান্সের বিশ্বমানের আক্রমণভাগের সামনে শক্ত প্রতিরোধ গড়ে দাঁড়াতে পারে।
এবারের বিশ্বমঞ্চে এখন পর্যন্ত অসাধারণ ছন্দে রয়েছে ফরাসিরা। গ্রুপ পর্বের ম্যাচে তারা সেনেগালকে ৩-১, ইরাককে ৩-০ এবং নরওয়েকে ৪-১ গোলে হারানোর পর শেষ বত্রিশের লড়াইয়ে সুইডেনকেও বিদায় করেছে। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টে নিজের মোট গোলসংখ্যা ছয়ে নিয়ে গেছেন এবং দলের হয়ে অন্য গোলটি করেন ব্র্যাডলি বারকোলা। আক্রমণভাগে উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে ও বারকোলাকে নিয়ে ফ্রান্সের গতি আর সৃজনশীলতা প্রতিটি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য এক বড় দুঃস্বপ্ন হয়ে উঠেছে বলে নেভিল মনে করেন।
সর্বশেষ বিশ্লেষণে সাবেক ইংল্যান্ড কিংবদন্তি ইয়ান রাইটও মনে করেন, বর্তমান ফর্মে ফ্রান্সকে ভয় পাওয়ার কথা প্রতিপক্ষ দলগুলোরই। তাঁর ভাষ্যমতে, ফ্রান্সের শিরোপা না জেতার কোনো যৌক্তিক কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না, যদি না হঠাৎ করেই তাদের খেলায় বড় ধরনের কোনো পতন ঘটে। শেষ আটে ওঠার লড়াইয়ে ফ্রান্সের পরবর্তী প্রতিপক্ষ হবে জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। সেই ম্যাচে জয়লাভ করলে সেমিফাইনালের পথে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইউরোপের অন্য দুই পরাশক্তি স্পেন বা পর্তুগাল।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন