শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কতটুকু?

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৩:০৯ পিএম

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা কতটুকু?

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং শক্তিশালী নরওয়ে। নকআউট পর্বের এই লড়াইয়ের আগে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান অপটা তাদের সুপারকম্পিউটারের মাধ্যমে ব্রাজিলের জয়ের সম্ভাবনা বেশি বলে পূর্বাভাস দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওরা এখন পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছে।

অপটার মতে, ম্যাচটিতে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩ দশমিক ৬ শতাংশ।২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে এই পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে নরওয়ের জয়ের সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ। সার্বিক বিশ্লেষণে ব্রাজিলের শেষ আটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৬৫ দশমিক ৬ শতাংশ, যেখানে নরওয়ের সম্ভাবনা ৩৪ দশমিক ৫ শতাংশ।

রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিল নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে নরওয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। নরওয়ের জন্য সবচেয়ে বড় শক্তি তাদের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, যিনি টানা ১৩টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন। অন্যদিকে, ব্রাজিলের ব্রুনো গিমারায়েস চলতি বিশ্বকাপে দারুণ ফর্মে থেকে চারটি অ্যাসিস্ট করেছেন।

ঐতিহাসিকভাবে ব্রাজিল নরওয়ের বিপক্ষে কিছুটা পিছিয়ে রয়েছে। আগের চার দেখায় ব্রাজিল একবারও জয় পায়নি, যেখানে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ। ১৯৯৮ বিশ্বকাপে তারা ব্রাজিলকে হারিয়েছিল ২-১ গোলে। তবে নকআউটে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়।

আজকের এই লড়াইয়ের ফলাফল কী হয়, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের শেষ বাঁশি পর্যন্ত। ফুটবলপ্রেমীদের জন্য এই ম্যাচটি হতে যাচ্ছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ।