শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১০:৫০ এএম

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে দুর্দান্ত এক গোল করে নতুন ইতিহাস গড়লেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। বস্টনে অনুষ্ঠিত এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও, বিরতির পর নিজের জাত চিনিয়েছেন ফরাসি তারকা। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনেও উঠে এসেছেন তিনি।ম্যাচের ৬০তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ।

ডি-বক্সের সামনে বল পেয়ে এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিলেন এমবাপ্পে। এরপর সামনে থাকা মরক্কোর ডিফেন্ডার ইসা জিওপকে কাটিয়ে চোখের পলকে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। সামান্য বাঁক নেওয়া বলটি পোস্ট ঘেঁষে জালের ভেতরে ঢুকে পড়লে উল্লাসে ফেটে পড়ে ফরাসি শিবির। চলতি বিশ্বকাপে এটি ছিল এমবাপ্পের অষ্টম গোল। এর আগে দুটি অ্যাসিস্টসহ এবারের আসরে তার গোল-সম্পৃক্ততা দাঁড়িয়েছে ১০টিতে।

এই গোলটির মাধ্যমে বিশ্বকাপে অনন্য এক কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসেবে টানা দুটি ভিন্ন বিশ্বকাপে অন্তত ১০টি করে গোলে সরাসরি অবদান রাখার রেকর্ড এখন তার দখলে। ২০২২ কাতার বিশ্বকাপেও তিনি করেছিলেন আট গোল এবং দিয়েছিলেন দুটি অ্যাসিস্ট। সব মিলিয়ে বিশ্বকাপে মাত্র ২০ ম্যাচ খেলেই তার গোলসংখ্যা এখন ২০। তুলনায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ২১ গোল করতে লেগেছে ৩১টি ম্যাচ।

বর্তমানে গোলদাতার তালিকার শীর্ষে থাকা এমবাপ্পের সমান ৮ গোল রয়েছে লিওনেল মেসিরও। গোল্ডেন বুটের লড়াইয়ে দুই মহাতারকার এই দ্বৈরথ এখন তুঙ্গে। বিশ্বকাপের নকআউট পর্বে টিকে থাকা দলগুলোর পরবর্তী ম্যাচের দিকেই এখন নজর ফুটবল প্রেমীদের। শেষ পর্যন্ত কে হাসবেন শেষ হাসি, তা জানতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত।