জুলাই ১০, ২০২৬, ০৩:১৪ পিএম
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মরক্কো। এই পরাজয়ের পর লন্ডনে মরক্কোর সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের পর উত্তপ্ত পরিস্থিতিতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে একাধিক সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।ম্যাচ শেষে রাস্তায় নেমে আসেন মরক্কোর সমর্থকরা।
স্কাই নিউজের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার পরপরই মরক্কোর সমর্থকরা রাস্তায় নেমে এসে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময় তাদের বিভিন্ন যানবাহনের ওপর উঠতে, আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে দেখা গেছে। রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দাঙ্গা নিয়ন্ত্রণকারী পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সমর্থকদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ গ্রহণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কঠোর হতে হয়েছে।
লন্ডনের স্থানীয় পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার ঘটনায় জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সংঘাতের আশঙ্কায় প্যারিসসহ ইউরোপের বিভিন্ন শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বিশেষ করে প্যারিসে ২০ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হলেও সেখানে পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। তবে লন্ডনের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ায় পুলিশকে কঠোর অবস্থানে যেতে হয়।
ফ্রান্সের কাছে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে আফ্রিকার দেশ মরক্কোর। দীর্ঘ ৩৪ ম্যাচের অপরাজিত থাকার গৌরবময় রেকর্ডের ইতি ঘটল এই ম্যাচে। খেলার মাঠে পরাজয়ের গ্লানি এবং আবেগের কারণে লন্ডনের রাজপথে যে সংঘাত তৈরি হয়েছিল, তা দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ। আপাতত লন্ডনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন