শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন আর্লিং হালান্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ০৬:২০ পিএম

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন আর্লিং হালান্ড

বিশ্বকাপের এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয় এবং সেমিফাইনালে ওঠার পেছনে তার ভূমিকা অনস্বীকার্য। তবে ম্যাচের প্রথমার্ধে এমবাপ্পের একটি পেনাল্টি মিস নিয়ে ফুটবল বিশ্বে বেশ আলোচনার জন্ম হয়েছে। এই ব্যর্থতার পেছনে আর্লিং হালান্ড দায়ী করেছেন দীর্ঘ প্রতীক্ষাকে।পেনাল্টি নেওয়ার আগে মরক্কোর খেলোয়াড়দের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এমবাপ্পেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড বলেন, পেনাল্টি শটের আগে একজন খেলোয়াড়কে এত দীর্ঘ সময় অপেক্ষা করানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার মতে, বলের সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে এমবাপ্পের মনোযোগ ও মানসিক প্রস্তুতিতে বিঘ্ন ঘটতে পারে, যা শেষ পর্যন্ত শটটিতে প্রভাব ফেলেছে। এমবাপ্পের পেনাল্টি মিসের পেছনে এটি একটি অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন হালান্ড।

পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন এমবাপ্পে। ম্যাচের ৬০তম মিনিটে গোল করার পাশাপাশি ৬৬তম মিনিটে উসমান দেম্বেলের গোলেও অ্যাসিস্ট করেন তিনি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আটটিতে নিয়ে গেছেন তিনি। এখন লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ফরাসি এই অধিনায়ক। বিশ্বকাপে ২০ ম্যাচে ২০ গোল করার এক বিরল কীর্তিও গড়লেন তিনি।

তবে ম্যাচের শেষ দিকে কিছুটা শঙ্কা ছড়িয়েছিল ফরাসি শিবিরে। ৭৭তম মিনিটে ডান গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। ম্যাচ শেষে তিনি অবশ্য জানিয়েছেন, চোট গুরুতর নয়। সেমিফাইনালের আগেই পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী ফ্রান্সের এই তারকা।