জুলাই ১০, ২০২৬, ০৭:৩৪ পিএম
লস অ্যাঞ্জেলেসে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ে কার পাল্লা ভারী, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে তুমুল আলোচনা। আক্রমণভাগ বনাম স্প্যানিশ দুর্ভেদ্য রক্ষণের এই ধ্রুপদি লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তা নিয়ে ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার একটি পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, জয়ের লড়াইয়ে স্পেন অনেকটা এগিয়ে থাকছে।
বেলজিয়ামের আক্রমণভাগ ও স্পেনের রক্ষণভাগের লড়াইই হবে ম্যাচের মূল আকর্ষণ।গ্রুপ পর্বে শুরুতে ছন্দ খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হলেও নকআউট পর্বে বেলজিয়াম এখন দারুণ ফর্মে। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালের বিপক্ষে নাটকীয় জয় এবং শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে তারা জানান দিয়েছে তাদের সামর্থ্য। রোমেলু লুকাকু, চার্লস ডি কেতেলারে ও হান্স ভানাকেনরা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে স্পেনের বিপক্ষে কৌশলী ম্যাচে লুকাকুকে হয়তো ‘সুপার সাব’ হিসেবেই দেখা যেতে পারে।
অন্যদিকে স্পেনের রক্ষণভাগ এখন পর্যন্ত বিশ্বকাপে লৌহকঠিন। গত ছয়টি ম্যাচে কোনো গোল হজম করেনি তারা। লুইস দে লা ফুয়েন্তের অধীনে বিশ্বকাপে টানা ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে অপরাজিত তাদের রক্ষণভাগ। পাশাপাশি লামিন ইয়ামাল ও রদ্রির মতো খেলোয়াড়রা মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে সক্ষম। বড় টুর্নামেন্টের নকআউট পর্বে খেলা শেষ ছয়টি ম্যাচেই জয় তুলে নিয়েছেন তারা, যা দলটির আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছে।
সুপার কম্পিউটারের তথ্য অনুযায়ী, ৯০ মিনিটের খেলায় স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯ দশমিক ৩ শতাংশ। বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৩ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২২ দশমিক ৪ শতাংশ। সামগ্রিকভাবে স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৫ শতাংশ। অবশ্য মাঠের ফুটবল অনেক সময় পরিসংখ্যানকে ভুল প্রমাণ করে। লস অ্যাঞ্জেলেসের মাঠে বেলজিয়ামের বিধ্বংসী আক্রমণ আর স্পেনের অভেদ্য রক্ষণের লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন