রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

সমালোচনার কড়া জবাব দিলেন মেসি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১২:৫৩ পিএম

সমালোচনার কড়া জবাব দিলেন মেসি

ছবি - সংগৃহীত

পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনা দলকে নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছিল, তার কড়া জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের টানা সাফল্য ফিফার বদান্যতা নয়, বরং খেলোয়াড়দের নিজস্ব যোগ্যতা ও কঠোর পরিশ্রমের ফসল বলে দাবি করেছেন তিনি। বুধবার সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর সমালোচকদের এক হাত নিলেন মেসি।বিশ্বকাপের ম্যাচে ভিএআরের সিদ্ধান্ত ও ফিফার ভূমিকা নিয়ে ফুটবল বিশ্বে তীব্র বিতর্ক ছিল।

মেসি বলেন, যার গায়ে লাগে লাগুক, কিন্তু সত্যি এটাই যে মানুষ পছন্দ করুক আর না করুক, গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। আমরা আবারও বিশ্বের সেরা দুটি দলের একটি হিসেবে ফাইনালে উঠেছি। তিনি আরও বলেন, এটা প্রমাণ করে যে আমরা যা অর্জন করেছি তা ভাগ্যক্রমে আসেনি এবং কেউ আমাদের এটি উপহার হিসেবে দেয়নি। টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা মোটেও সহজ কথা নয়, যা খুব কম দলই করতে পেরেছে।

তিনি মনে করেন, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে যদি তারা হেরে যেতেন, তবে অনেকেই অনেক ফালতু কথা বলার সুযোগ পেয়ে যেত। মেসি জানান, তারা মাঠের খেলায় বিশ্বাসী এবং ফুটবলীয় দক্ষতায় যে তারা এগিয়ে ছিলেন, তা তারা প্রমাণ করে দিয়েছেন।

ঐতিহাসিক এই জয়টি মেসি উৎসর্গ করেছেন ফুটবলের কিংবদন্তি প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে। ঠিক ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার সেই বিখ্যাত কোয়ার্টার ফাইনাল ম্যাচের স্মৃতি স্মরণ করে মেসি বলেন, নিঃসন্দেহে দিয়েগো ওপর থেকে এই জয়টি দারুণভাবে উপভোগ করছেন। আজকের দিনটি তার জন্য অত্যন্ত বিশেষ ছিল এবং তাকে এই আনন্দ দিতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের।