শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
আফগান স্কোয়াড ঘোষণা

আফগানিস্তানের দল ঘোষণা: বিশ্রামে রশিদ ও ইব্রাহিম

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৯:২২ পিএম

আফগানিস্তানের দল ঘোষণা: বিশ্রামে রশিদ ও ইব্রাহিম

বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের জন্য পৃথক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আগামী ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে আফগানদের এই ব্যস্ত আন্তর্জাতিক সূচি শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে এই টেস্টের পর তারা বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে একটি ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ খেলবে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে মাঠে নামবে আফগান দল।

সম্প্রতি টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব পাওয়া রহমত শাহ এই সফরে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশের বিপক্ষের ম্যাচটি দিয়ে পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে তার আনুষ্ঠানিক অভিষেক ঘটবে। তবে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব করবেন ইব্রাহিম জাদরান।

ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া অলরাউন্ডার আবদুল্লাহ তারাকহিল। এছাড়া দলে ডাক পেয়েছেন এশিয়ান গেমসে অভিষেক হওয়া মোহাম্মদ আকরাম। মিডল অর্ডার ব্যাটার এজাজ আহমেদজাই ও শহিদউল্লাহ কামালকে আবারও এই সংক্ষিপ্ত ফরম্যাটের দলে ফিরিয়ে আনা হয়েছে। বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ও দারবিশ রাসুলি। রাসুলি ওয়ানডে স্কোয়াড থেকেও বাদ পড়েছেন।

এদিকে দীর্ঘ ফরম্যাটের তিনটি টেস্ট ম্যাচের জন্য তারকা লেগ স্পিনার রশিদ খান ও ব্যাটার ইব্রাহিম জাদরানকে বিশ্রাম দেওয়া হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই মুহূর্তে তাদের দীর্ঘ পরিসরের ম্যাচ না খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছে অলরাউন্ডার ইসমত আলমের।

গত জুনে ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টে তিনি চোটের কারণে অংশ নিতে পারেননি। তার সাথে পেস আক্রমণে ফিরেছেন অভিজ্ঞ ইয়ামিন আহমেদজাই। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ দশমিক ৮৫ গড়ে ৫৩৮ রান তুলে শীর্ষ রান সংগ্রাহক হওয়া শহিদউল্লাহ কামালও ডাক পেয়েছেন টেস্ট দলে। এছাড়া ঘরোয়া টুর্নামেন্টে ১২ দশমিক ৭৩ গড়ে ৪২ উইকেট শিকার করে তালিকার শীর্ষে থাকা ইয়ামিন আহমেদজাই বোলিং আক্রমণ সামলাবেন।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের রেড বল স্কোয়াডে অধিনায়ক রহমত শাহর সাথে রয়েছেন ইকরাম আলিখিল, আফসার জাজাই, সিদ্দিকুল্লাহ আতাল, আব্দুল মালিক, হাশমতউল্লাহ শাহিদি, রহমানউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, ইসমত আলম, কাইস আহমেদ, জিয়া উর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সেলিম সাফি, জিয়া উর রহমান শরিফি ও ইয়ামিন আহমেদজাই।

ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দলে অধিনায়ক রহমত শাহর সাথে আছেন রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলীখিল, সেদিকুল্লাহ আটাল, ইব্রাহিম জাদরান, হাশমতুল্লাহ শাহিদি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়ালাই খান, এএম গজানফর, বিলাল সামি, জিয়া উর রহমান শরীফ, জিয়া উর রহমান ফারুক এবং ফারিদ আহমেদ।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে অধিনায়ক ইব্রাহিম জাদরানের সাথে রয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, নূর রহমান, সেদিকুল্লাহ আটাল, মোহাম্মদ আকরাম, শহীদুল্লাহ কামাল, ইজাজ আহমদজাই, আজমতুল্লাহ ওমরজাই, আবদুল্লাহ তারাখিল, রশিদ খান, নুর আহমদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আবদুল্লাহ আহমদজাই এবং ফারুক আহমেদ।