সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৫, ১২:১৫ পিএম

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

ছবি - সংগৃহীত

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজেও বাংলাদেশের কাছে পরাজয়ই সঙ্গী হয়েছে আফগানিস্তানের। ৪ উইকেটে এই হারের পর আফগান অধিনায়ক রশিদ খান দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দায় দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রথম ১০ ওভার ভালো বোলিং করতে না পারার খেসারতই দিতে হয়েছে তাঁর দলকে।

ম্যাচ শেষে আফগান অধিনায়ক বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে একবার ছন্দ হারালে ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়, আর ঠিক সেটাই হয়েছে।রশিদ খান মনে করেন, লক্ষ্য ১৫২ রানের হলেও তাঁরা আরও ভালোভাবে শেষ করতে পারতেন। তিনি বলেন, “আমার মনে হয়, প্রথম ১০ ওভার আমরা ঠিকঠাক বোলিং করতে পারিনি। যত বেশি স্টাম্পে বল করা যায়, তত ভালো।”

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর বিষয়টিও তিনি তুলে ধরেছেন। তাঁদের বোলিং যখন নিয়মিতভাবে স্টাম্পে বল করা এবং ব্যাটারদের প্রশ্নের মুখে ফেলতে শুরু করেছে, তখনই তাঁরা ম্যাচে ফিরতে পেরেছেন—যা জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল। এই ম্যাচে আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোর বড় ভূমিকা ছিল স্বয়ং রশিদ খানেরই। তিনি এই ম্যাচে ১৮ রানে ৪ উইকেট নেন, যা অধিনায়ক হিসেবে তাঁর পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট শিকারের রেকর্ড।

এদিকে, রান তাড়ায় নেমে বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। দুই ওপেনার তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন ঝড় তুলে প্রথম ১১ ওভারে বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলেন। এরপরই নাটকীয়ভাবে ৯ রানের ব্যবধানে বাংলাদেশের টপ অর্ডারের ছয় ব্যাটার সাজঘরে ফেরেন, যা আফগানিস্তানকে ম্যাচে ফিরিয়ে এনেছিল।

বিশ্বকাপকে আপাতত মূল লক্ষ্য ধরে আফগান অধিনায়ক ব্যাটারদের থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং আশা করেন। তিনি বলেন, “আমরা খুব সহজেই উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করি, আমরা শিখতে থাকব এবং আরও ভালো ক্রিকেট খেলব। আমাদের মূল লক্ষ্য হলো বিশ্বকাপের প্রস্তুতি।”

রশিদ খান জোর দিয়ে বলেন, ব্যাটারদের উচিত নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়া এবং সেটির জন্য সময় নেওয়া যেতে পারে। কিন্তু চাপের মুখে শট বাছাইয়ের ভুলটা হয়ে যায়, যা তাঁদের এড়ানো জরুরি।