রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:২৮ পিএম

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হৃদয় রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের মৃত নির্মল চন্দ্র রায়ের ছেলে।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন এবং ফোনে কথা বলছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী 'খুলনা মেইল' ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হেডফোন লাগানো থাকায় তিনি ট্রেনের আগমনী শব্দ শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে।সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় খুলনা মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে লাশ নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সব আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।