জুলাই ১৬, ২০২৬, ১০:৩৪ পিএম
দিনাজপুরের নবাগত সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মো. গোলাম রসুল রাখির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি। বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে সমিতির পক্ষ থেকে নবাগত সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় সংগঠনের সভাপতি ডা. মমতাজ বেগম পলি ও সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান নিউ-এর নেতৃত্বে সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সিভিল সার্জন বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোকেও সেবার মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। রোগীদের সঠিক চিকিৎসা সেবা ও সেবার পরিবেশ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি ক্লিনিক মালিকদের উদ্দেশে আরও বলেন, ক্লিনিকে পর্যাপ্ত অভিজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও সরকারি নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। ক্লিনিকগুলোতে চিকিৎসাধীন রোগীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা নিশ্চিত করার মানসিকতা থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় সমিতির সহ-সভাপতি মো. আনোয়ারুল কবির, মো. জাকির হোসেন, দিলওয়ার হোসেন শাহ, মো. শামীম কবিরসহ সাংগঠনিক সম্পাদক মো. মমিনুর রহমান বাপ্পী, দপ্তর সম্পাদক বিশ্বজিৎ কুমার রায়সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সিভিল সার্জনের নির্দেশনা মেনে সুষ্ঠু ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানে অঙ্গীকার ব্যক্ত করেন। দিনাজপুরের স্বাস্থ্যসেবাখাতকে আরও শক্তিশালী করতে প্রশাসন ও মালিক সমিতির সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন