জুন ৩০, ২০২৬, ০৮:৩৬ পিএম
শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদহার বৃদ্ধির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতু সোনার দামে বড় ধরনের ধস নেমেছে। ৩০ জুন মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম নেমে এসেছে গত সাত মাসের সর্বনিম্ন স্তরের কাছাকাছি। এর ফলে ২০১৩ সালের পর এবারই প্রথম এক প্রান্তিকে অর্থাৎ তিন মাসে সোনার বাজারে সবচেয়ে বড় মূল্যপতন দেখা গেছে।
আন্তর্জাতিক বাজারে আজ স্পট গোল্ড বা কাঁচা সোনার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২২ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়েছে।আন্তর্জাতিক বাজার সংশ্লিষ্টদের তথ্যমতে, চলতি মাসে সোনার দাম ১১ শতাংশের বেশি কমেছে, যা টানা চতুর্থ মাসিক পতন হিসেবে রেকর্ড করা হয়েছে। স্যাক্সো ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক ওলে হ্যানসেনের মতে, সোনার বর্তমান মূল্যপতন বাজারের দুর্বল মনোভাবেরই স্পষ্ট প্রতিফলন।
তিনি জানান, এখন বাজারে সামান্য দাম বাড়লেই বিনিয়োগকারীরা দ্রুত সোনা বিক্রি করে দিচ্ছেন, যা গত কয়েক বছরের প্রবণতার সম্পূর্ণ বিপরীত। বাজারে সোনার দাম স্থিতিশীল হয়েছে এমন ধারণা পেতে হলে প্রতি আউন্স মূল্যকে প্রথমে ৪ হাজার ১০০ ডলারের সীমা অতিক্রম করতে হবে।মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় চলতি বছরে যুক্তরাষ্ট্রে সুদহার কমার যে প্রত্যাশা ছিল, তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
সিএমই ফেডওয়াচের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বর মাসে ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণত বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়লে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি পায়। তবে মার্কিন ব্যাংকের সুদহার বাড়ার তীব্র সম্ভাবনায় এখন লভ্যাংশহীন সোনার পরিবর্তে শক্তিশালী মার্কিন ডলারের দিকেই বেশি ঝুঁকছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও এই টানা মন্দা ও চাপ অব্যাহত রয়েছে। আজ আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম ০.৬ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ৬৪ ডলারে এবং প্ল্যাটিনাম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭৭ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সম্ভাবনার খবরের জেরে বিশ্ব তেলের বাজারও ২০২০ সালের পর সবচেয়ে বড় ত্রৈমাসিক ধসের মুখোমুখি হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন