রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন অর্থবছরে হাবিপ্রবির রাজস্ব বাজেট ১৩৩ কোটি ৪১ লাখ টাকা

মোঃ রাহাত হোসেন

জুন ১৫, ২০২৬, ০১:৩৫ পিএম

নতুন অর্থবছরে হাবিপ্রবির রাজস্ব বাজেট ১৩৩ কোটি ৪১ লাখ টাকা

হাবিপ্রবির নতুন বাজেট ছবি-দিনাজপুর টিভি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব বাজেট নির্ধারণ করা হয়েছে ১৩৩ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১৮৭তম পূর্ণ কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়। দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেটের অংশ হিসেবে এই বরাদ্দ মিলেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হাবিপ্রবির পাওয়া এই বরাদ্দ তৃতীয় সর্বোচ্চ।পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব ও উন্নয়ন প্রকল্প মিলিয়ে মোট ১২ হাজার এক কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। তালিকায় সর্বোচ্চ ৯৪৯ কোটি ৩৬ লাখ টাকা রাজস্ব বাজেট পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

এরপরেই রয়েছে রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেগম রোকেয়া ৮২ কোটি ৮১ লাখ, ইসলামী বিশ্ববিদ্যালয় ১৮৮ কোটি ৪০ লাখ, জগন্নাথ ১৮৬ কোটি ৬০ লাখ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ১৮৬ কোটি ৬৬ লাখ এবং খুলনা বিশ্ববিদ্যালয় ১৮২ কোটি ৯২ লাখ টাকা পেয়েছে।

নতুন অর্থবছরে গবেষণা কার্যক্রমে দ্বৈততা এড়াতে বিশ্ববিদ্যালয়গুলো এবং ইউজিসির গবেষণা বাজেট একীভূত করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর ২০০ কোটি টাকা ইউজিসির বাজেটে স্থানান্তর হওয়ায় সেখানে মোট বরাদ্দ দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা।

বাজেটের অভ্যন্তরীণ খাতভিত্তিক বণ্টন প্রসঙ্গে হাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর কবির জানিয়েছেন যে তারা এখনো কোনো প্রজ্ঞাপন পাননি। গেজেট প্রকাশের পর বিস্তারিত খাতভিত্তিক ব্যয়ের হিসাব জানানো সম্ভব হবে বলে জানান তিনি।