মে ২৩, ২০২৬, ০১:২৯ পিএম
আগামী ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া। দুই বাংলার জনপ্রিয় এই চিত্রনায়িকা দীর্ঘ বিরতির পর আবারও মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েছেন। শুক্রবার রাতে নিজের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে ভক্তদের এই সুখবর দিয়েছেন তিনি নিজেই।
আগামী ২৬ মে এই নতুন ট্র্যাকটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। আন্তর্জাতিক স্তরের সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের সুর ও সংগীতে এই গানটি যৌথভাবে এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে।
গানটির একটি জমকালো মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে, যার কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা বাবা যাদব। উল্লেখ্য, ২০১৮ সালে ‘পটাকা’ শিরোনামের ট্র্যাক দিয়ে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার পর এটি হতে যাচ্ছে ফারিয়ার গাওয়া পঞ্চম একক গান।
সম্প্রতি স্টেজ শো নিয়েও ব্যাপক ব্যস্ত সময় পার করছেন এই তারকা।গত সপ্তাহেই তিনি দুবাইয়ের একটি বড় স্টেজ পারফরম্যান্স শেষ করে দেশে ফিরেছেন। অভিনয় ও উপস্থাপনার বাইরে গান নিয়ে তাঁর এই নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা দর্শক-শ্রোতাদের মাঝে বরাবরের মতোই বাড়তি উন্মাদনা তৈরি করেছে। আসন্ন কোরবানি ঈদের বিনোদনে এই গানটি শ্রোতাদের জন্য সম্পূর্ণ ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন