মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,
নুসরাত-ওয়াহাজ

ঢাকায় পাকিস্তানি অভিনেতা ওয়াহাজের সঙ্গে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

অক্টোবর ৬, ২০২৬, ০৩:৪২ পিএম

ঢাকায় পাকিস্তানি অভিনেতা ওয়াহাজের সঙ্গে নুসরাত ফারিয়া

পাকিস্তানি জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলীর সঙ্গে এক ফ্রেমে দেখা গেল ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত একটি ফ্যাশন শোতে তাদের একসঙ্গে দেখা যায়।

কয়েকদিন আগেই ওয়াহাজ আলী ঢাকায় আসার কথা জানিয়েছিলেন। ‘তেরে বিন’ সিরিয়ালে মুরতাসিম চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেতা মূলত ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’ নামের ওই আয়োজনে অংশ নিতেই ঢাকায় আসেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি তারকা নুসরাত ফারিয়াও। অনুষ্ঠানের ফাঁকে ওয়াহাজ আলীর সঙ্গে একটি ছবি তোলেন তিনি। পরে সেই ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জামদানি পরে গর্বের সঙ্গে হেঁটেছি, ভালোবাসা দিয়ে প্রতিনিধিত্ব করেছি, আর স্মৃতি জমিয়েছি।’

ছবিতে নুসরাত ফারিয়াকে জামদানি মোটিফের গাঢ় বেগুনি স্ট্র্যাপলেস লেহেঙ্গায় দেখা গেছে, সঙ্গে ছিল হার, ঝুমকা, চুড়ি ও টিকলি। অন্যদিকে ওয়াহাজ আলীর পরনে ছিল গাঢ় নীল ফরমাল স্যুট ও একই রঙের শার্ট। এক ফ্রেমে দুজনকে দেখে অনেক ভক্তই প্রশংসা করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই আবার তাদের দুজনকে একসঙ্গে কোনো নাটক বা সিনেমায় দেখার ইচ্ছার কথাও জানিয়েছেন। তবে আপাতত তাদের একসঙ্গে কোনো কাজের ঘোষণা আসেনি এবং নুসরাত ফারিয়াও সে ধরনের কোনো ইঙ্গিত দেননি। ছবিটি মূলত ফ্যাশন শোতে তাদের উপস্থিতির সময় তোলা।

ওয়াহাজ আলী পাকিস্তানি টেলিভিশনের একজন পরিচিত মুখ। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক হয়। এরপর ‘ইশক জালেবি’, ‘দিল নওয়াজ’, ‘ফিতুর’সহ বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে তিনি অভিনয় করেছেন। তবে ‘তেরে বিন’ নাটকের মুরতাসিম চরিত্রটিই তাকে পাকিস্তানের বাইরের দর্শকদের কাছেও সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও পরিচিতি এনে দেয়।