বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

মুক্তি পেল মিশন ডিডিএলজে অভিনয়ে নতুন জুটি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:৫৫ পিএম

মুক্তি পেল মিশন ডিডিএলজে অভিনয়ে নতুন জুটি

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে নতুন ওয়েব ফিল্ম মিশন ডিডিএলজে। মুক্তির আনুষ্ঠানিকতার আগে বৃহস্পতিবার বিকেলে আয়োজন করা হয় একটি বর্ণাঢ্য প্রিমিয়ার প্রদর্শনীর, যেখানে উপস্থিত হয়েছিলেন শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকা ও অভিনয়শিল্পীরা। রোমান্টিক কমেডি ঘরানার এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গির অর্ক। আর এতে কেন্দ্রীয় চরিত্রে নতুন জুটি হিসেবে দর্শকের সামনে হাজির হয়েছেন নাভি ও লাবণ্য।

নব্বই দশকের রোমান্টিক আবেগকে বর্তমান প্রজন্মের বাস্তবতায় রূপায়ন করা হয়েছে। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে বিনোদনপ্রেমীদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি হয়। বিশেষ করে নব্বই দশকের বলিউডের সাড়া জাগানো চলচ্চিত্র দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-এর স্মৃতিবিজড়িত আবহের ইঙ্গিত থাকায় ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। নাভি ও লাবণ্যের রসায়ন, গল্পের সহজ প্রেমের ধারা এবং নব্বই দশকের আবেগকে আধুনিক সময়ের সঙ্গে মেলানোর প্রয়াসকে ইতিবাচক হিসেবে দেখেছেন দর্শকরা। 

প্রিমিয়ার শোতে উপস্থিত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীসহ অন্য তারকারা প্রদর্শনী শেষে গল্পের সরলতা ও নির্মাণের প্রশংসা করেন। তাদের মতে, সেই সময়ের যে নিষ্পাপ ও সুন্দর প্রেম ছিল, তা বর্তমান প্রজন্মের প্রেক্ষাপটে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিশেষ করে লাবণ্যের সাবলীল অভিনয় ও মিষ্টি উপস্থিতির কারণে চলচ্চিত্রটি ভিন্ন মাত্রা পেয়েছে বলেও সহশিল্পীরা অভিমত জানান।

নতুন জুটির সদস্য লাবণ্য জানান, নব্বইয়ের দশকের প্রেমের গল্প থেকে অনুপ্রাণিত একটি চিত্রনাট্যে বর্তমান প্রজন্মের চরিত্র পেয়ে তিনি শুরু থেকেই আনন্দিত ছিলেন। স্ক্রিপ্ট পড়ার পর চরিত্রটি তাকে গভীরভাবে আকৃষ্ট করে। অভিনেতা নাভি বলেন, যেকোনো তরুণ অভিনেতার জন্য এটি ছিল একটি স্বপ্নের মতো চরিত্র, যেখানে অভিনয় করার যথেষ্ট স্বাধীনতা ও সুযোগ ছিল। নিজের শতভাগ ঢেলে দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এই ওয়েব ফিল্মের প্রদর্শনী শেষে নির্মাতা আসিফ জাহাঙ্গির অর্ক উপস্থিত দর্শকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, প্রেক্ষাগৃহের প্রিমিয়ারে আসা দর্শকদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া তাকে মুগ্ধ করেছে এবং বৃহত্তর ওটিটি দর্শকদের কাছ থেকেও তিনি একই ধরনের সাড়া প্রত্যাশা করছেন।