বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
শিক্ষায় ডিজিটাল রূপান্তর

গুগল সদর দপ্তরে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৬:০৬ পিএম

গুগল সদর দপ্তরে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের (Google) সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সরকারি প্রতিনিধিদল। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে গত সোমবার এই গুরুত্বপূর্ণ সফর ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন দুই দেশের নীতিনির্ধারকেরা। আলোচনায় দেশের শিক্ষাব্যবস্থার সামগ্রিক আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, ক্লাউড কম্পিউটিং (Cloud Computing), সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা সম্ভাবনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে এই প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

কূটনৈতিক পর্যায়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাভেদ ইকবাল।

প্রযুক্তি ও শিক্ষার সমন্বয়ই ছিল মূল লক্ষ্য। গুগলের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির শিক্ষা বিভাগের বৈশ্বিক স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। তাঁর সঙ্গে গুগলের শীর্ষ বিশেষজ্ঞদের একটি দল আলোচনায় অংশ নেন।

বৈঠকে ‍‍`গুগল ফর এডুকেশন‍‍` কর্মসূচির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শ্রেণিকক্ষে প্রযুক্তির সমন্বয়, শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষার মান আন্তর্জাতিক মানে উন্নীত করতে ক্লাউড কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে প্রয়োগ করা সম্ভব, তা নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করে।