সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৫:৩৩ পিএম
বাবার বিক্রি করে যাওয়া জমি অস্বীকার করে জোরপূর্বক দখলে নিয়ে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। পঞ্চগড় সদর ইউনিয়নের গোফাপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা এবং আদালতে মামলা দায়ের করা হলেও এখনো কোনো সুরাহা মেলেনি। অভিযোগের বিষয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোফাপাড়া এলাকার নিজামাবাদ মৌজার এসএ ২৩৮ নম্বর খতিয়ানের এসএ ৫৫৩৮ দাগে থাকা ৮৫ শতক জমির মধ্য থেকে সাড়ে ১৯ শতক জমি ১৯৯৪ সালের ১৯ জুন ৪৩৮৬ নম্বর কবলা দলিলমূলে মোবারক আলীর কাছে বিক্রি করেন মো. আবুল সিদ্দিকুর রহমান। পরবর্তীতে ক্রেতা মোবারক আলী মারা গেলে পৈতৃক ওয়ারিশ সূত্রে ওই জমির মালিকানা লাভ করেন তার ছেলে মো. মোজাম্মেল হক। দীর্ঘ সময় ধরে তিনি জমিটি ভোগদখল করে আসছিলেন এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছপালা ও একটি পুকুর গড়ে তোলেন।
তবে সম্প্রতি মূল বিক্রেতা প্রয়াত আবুল সিদ্দিকুর রহমানের ছেলে আব্বাস আলী বাবার বিক্রি করা দলিলের বৈধতা অস্বীকার করে সাড়ে ১৯ শতক জমির মধ্যে সাড়ে ১২ শতক জমি দখলে নেন। সেখানে একটি টিনশেড ঘর তৈরি করার পাশাপাশি একটি ছোট ঘরে জ্বালানি খড়ি ও বিছানা পেতে বসবাস শুরু করেছেন তারা। ভুক্তভোগী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, আব্বাস আলী একজন জমি দখলকারী এবং তিনি নিজের পৈতৃক সম্পত্তিতে প্রবেশ করতে পারছেন না। জমিতে গেলে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
তিনি জানান, কিছুদিন আগে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য বাইরে থাকার সুযোগে তার রোপণ করা বাঁশঝাড়সহ বিভিন্ন গাছপালা কেটে জমিটি দখল করা হয়। নিজের জমি ফিরে পেতে তিনি প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও বিচার দাবি করেন। অন্যদিকে সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে আব্বাস আলী দাবি করেন, প্রতিপক্ষ যে জমি নিজেদের বলে দাবি করছে প্রকৃতপক্ষে তা তাদের নয়। তিনি কারো জমি দখল করেননি বরং নিজের জমিতেই শান্তিপূর্ণভাবে বসবাস করছেন।
উল্টো প্রতিপক্ষই তার ভোগদখলীয় জমি দখল করতে অনধিকার প্রবেশ করছে বলে তিনি অভিযোগ তোলেন। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। ঘটনাটি বিচারাধীন হওয়ায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এ বিষয়ে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন