শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,
হইচইয়ের নতুন সিরিজ

তৃণা সাহার নতুন ওটিটি সিরিজ: প্রকাশ্যে এলো পোস্টার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২, ২০২৬, ১১:৫৩ এএম

তৃণা সাহার নতুন ওটিটি সিরিজ: প্রকাশ্যে এলো পোস্টার

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের নতুন সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। এই নতুন সিরিজের নাম রাখা হয়েছে ‘শলাকা রহস্য’। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে এই কাজের ঘোষণা দিয়ে সিরিজের প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছে। নতুন এই সিরিজটি পরিচালনা করছেন অদিতি রায়। এর আগে ‘গভীর জলের মাছ’ সিরিজে চার বান্ধবীর একজনের চরিত্রে দেখা গিয়েছিল তৃণাকে। বর্তমানে তিনি স্টার জলসার ‘পরশুরাম’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর মধ্যেই নতুন এই ওটিটি কাজের সাথে যুক্ত হলেন তিনি।

হইচই কিছুদিন আগে টিভি সিরিজের আদলে ধারাবাহিক নতুন পরিবেশনা নিয়ে হাজির হয়েছিল। এই ধারার প্রথম সংযোজন ছিল ‘শাখা প্রশাখা’, যার দ্বিতীয় পর্ব সম্প্রতি মুক্তি পেয়েছে। এছাড়া সৌমিতৃষা কুন্ডু অভিনীত ‘আতঙ্ক’ সিরিজটিও দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং এর দ্বিতীয় পর্বের অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এসবের ধারাবাহিকতায় এবার তৃতীয় ধারাবাহিক সিরিজের নাম ঘোষণা করল প্ল্যাটফর্মটি।

ইতিমধ্যেই প্রকাশ্যে আসা ‘শলাকা রহস্য’ সিরিজের প্রথম পোস্টারে তৃণা সাহাকে এক গৃহবধূর সাজে বসে থাকতে দেখা গেছে। পোস্টারে তার হাতে রয়েছে পদ্মফুল ও ছুঁচ-সুতো এবং চোখে-মুখে ফুটে উঠেছে অজানা আতঙ্ক। অভিনেত্রীর পেছনে দুর্গা প্রতিমা দেখে ধারণা করা হচ্ছে, তিনি একটি বনেদি রাজবাড়ির বধূর চরিত্রে রূপদান করছেন।

সিরিজটির প্রথম ঝলকের সঙ্গে গল্পের কিছুটা আভাসও তুলে ধরেছে কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে, এক নতুন বউ, অচেনা এক বাড়ি এবং সেখানে একের পর এক ঘটতে থাকা মৃত্যু নিয়ে আবর্তিত হয়েছে এর কাহিনি। সেই বাড়ির রহস্যের শেষ কোথায় এবং শেষ পর্যন্ত কে বাঁচাবে তাকে, এমন টানটান বর্ণনায় স্পষ্ট যে এটি একটি রহস্য-রোমাঞ্চ ঘরানার সিরিজ হতে চলেছে।