অক্টোবর ২, ২০২৬, ১১:৩৪ এএম
প্রথমবারের মতো অংশ নেওয়া এশিয়ান গেমসের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের নারী হকি দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ে টুর্নামেন্টে নবম স্থান নিশ্চিত করে নিজেদের অভিযান শেষ করল বাংলার মেয়েরা। শুটআউটের রোমাঞ্চকর লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় দল।
শুক্রবার (২ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে বাংলাদেশ। দশম মিনিটে আইরিন আক্তার রিয়ার ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতিপথ কিছুটা বদলে যায়। ম্যাচের ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠ ছাড়তে হয় বাংলাদেশের লিমা আক্তারকে। এক খেলোয়াড় কম থাকার সুযোগ নিয়ে বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় সিঙ্গাপুর। দুই মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে ম্যাচে সমতা ফেরান সিঙ্গাপুরের তৌ লি মিন।
এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো দল গোল করতে না পারলে খেলা ১-১ সমতায় শেষ হয়। ম্যাচের ভাগ্য নির্ধারণে খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। স্নায়ুচাপের এই লড়াইয়ে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পেছনে ফেলে ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন