অক্টোবর ২, ২০২৬, ১০:৩২ এএম
ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ অনিশ্চয়তার মধ্যে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)—উভয় ধরনের তেলের দামই ছিল ঊর্ধ্বমুখী। প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৯ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ব্যারেলপ্রতি ২৭ সেন্ট বেড়ে ৯৩ দশমিক ১৪ ডলারে বিক্রি হয়।
এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উত্থান দেখা যায়। ইরানে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরি এবং আরও প্রায় ১০ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন খবর প্রকাশের পর জ্বালানি সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়তে থাকে।
এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে খবর ছড়িয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। ইরানকে খুব ন্যায্য একটি চুক্তিতে সই করতে হবে, তা না হলে তারা আর থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
চলতি অক্টোবর মাসে চীন তাদের অধিকাংশ জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ায় বাজারে সরবরাহের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি বাজার হিসেবে চীনের এই পদক্ষেপ বৈশ্বিক সরবরাহ পরিস্থিতিতে বাড়তি চাপ তৈরি করেছে। সৌদি আরবের তেল রপ্তানি পুনরায় বাড়তে শুরু করায় বাজারে সরবরাহ ঘাটতির শঙ্কা অবশ্য কিছুটা কমেছে। পাশাপাশি ইউরোপের দেশগুলোকে জরুরি মজুত থেকে ডিজেল বাজারে ছাড়ার জন্য যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছে বলে জানা গেছে। এসব পদক্ষেপ তেলের সরবরাহ নিয়ে তৈরি হওয়া আতঙ্ক কিছুটা প্রশমিত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন