অক্টোবর ১, ২০২৬, ০৩:১১ পিএম
ক্যালেন্ডারের পাতায় সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর শুরু হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসে সুজিত সরকারের নির্মিত হিন্দি চলচ্চিত্র অক্টোবরের আবহ। দৃশ্যপট, আবহসংগীত ও চরিত্রগুলোর সংলাপ ঘিরে ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রতি বছরই নতুন করে আলোচনা শুরু হয়।
প্রকৃতির সঙ্গে সিনেমার গভীর যোগসূত্র এই আবেগের অন্যতম কারণ। শরতের এই সময়ে প্রকৃতিতে ভোরের শিশিরভেজা সবুজ ঘাস, কাশফুলের বিস্তার, আকাশের সাদা-ধূসর মেঘ এবং বাতাসে হালকা হিমেল অনুভূতির সঙ্গে ফোটে শিউলি ফুল। এই মৌসুমি অনুষঙ্গগুলো চলচ্চিত্রের গল্পের পরতে পরতে জড়িয়ে আছে। এমনকি ছবির নায়িকার নামও শিউলি, যার এই ফুলের প্রতি ছিল তীব্র আকর্ষণ। শিশিরভেজা ঘাস থেকে শিউলি ফুল কুড়ানোর দৃশ্য দর্শকদের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে।
চলচ্চিত্রের পুরো কাহিনি আবর্তিত হয়েছে ড্যান ও শিউলি নামের দুই তরুণ-তরুণীকে ঘিরে। দিল্লির একটি অভিজাত হোটেলে শিক্ষানবিশ হিসেবে কাজ করত তারা। ড্যান কিছুটা বেপরোয়া, অগোছালো ও দায়িত্বজ্ঞানহীন হলেও শিউলি ছিল শান্ত, কাজে অত্যন্ত মনোযোগী ও দায়িত্বশীল। তাদের মধ্যে ঘনিষ্ঠ কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠেনি।
এক আকস্মিক দুর্ঘটনায় শিউলি গুরুতর আহত হয়ে কোমায় চলে যায়। দুর্ঘটনার ঠিক পূর্বমুহূর্তে শিউলির শেষ প্রশ্ন ছিল ড্যান কোথায়। এই একটি ছোট প্রশ্নের ওপর ভিত্তি করে হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর পাশে এসে দাঁড়ায় ড্যান। বন্ধুত্বের চেনা সমীকরণ পেরিয়ে কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়া প্রতিদিন ছুটে যাওয়া এবং নীরব সেবায় আত্মনিয়োগের মধ্য দিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে এক অব্যক্ত ভালোবাসার সম্পর্ক।
সুজিত সরকার পরিচালিত চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৮ সালের ১৩ এপ্রিল। প্রায় ৩৩ কোটি রুপি ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহ থেকে আয় করে ৫৮ কোটি রুপির বেশি। তবে আর্থিক সাফল্যের চেয়েও মানবিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতির রূপায়ণের কারণে ছবিটি দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মাঝে দীর্ঘস্থায়ী গ্রহণযোগ্যতা পায়।
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় দুই চরিত্রে বরুণ ধাওয়ান ও বণিতা সান্ধুর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়। এতে অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রূপদান করেছেন গীতাঞ্জলি রাও, সাহিল বেদোলিয়া এবং আশিশ ঘোষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন