মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬,

ইউটিউবের ভিউ গণনার নিয়মে আসছে বড় পরিবর্তন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ১১:৩৭ এএম

ইউটিউবের ভিউ গণনার নিয়মে আসছে বড় পরিবর্তন

ইউটিউব

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব তাদের পাবলিক ভিউ গণনার পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ২৪ আগস্ট থেকে প্ল্যাটফর্মটিতে নতুন এই নিয়ম কার্যকর হতে শুরু করবে।নতুন এই নীতি অনুযায়ী, কোনো দর্শক ভিডিওতে ক্লিক করার পর সেটি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই একটি পাবলিক ভিউ হিসেবে গণনা করা হবে। অর্থাৎ, দর্শক কয়েক সেকেন্ড পর ভিডিওটি বন্ধ করে দিলেও ওই ভিউটি গণনা থেকে বাদ পড়বে না। 

গত বছর শর্টস ভিডিওর ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করা হয়েছিল, যা এবার সাধারণ ভিডিওসহ সব ধরনের কনটেন্টের জন্য প্রযোজ্য হতে যাচ্ছে। ইউটিউবের মতে, বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে ভিউ গণনার আলাদা নিয়ম থাকায় ক্রিয়েটরদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো, যা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই পরিবর্তনের ফলে ইউটিউব চ্যানেলগুলোতে ভিডিওর ভিউ আগের তুলনায় দ্রুত বৃদ্ধি পেতে পারে। তবে প্ল্যাটফর্মটি স্পষ্ট করেছে যে, ভিউ সংখ্যা বাড়লেও এর সঙ্গে ক্রিয়েটরদের আয়ের কোনো সরাসরি সম্পর্ক থাকবে না। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতার নিয়মেও কোনো পরিবর্তন আনা হয়নি। তাই ভিউ বাড়লেও কোনো ভিডিও কতটা জনপ্রিয় তা কেবল পাবলিক ভিউ দিয়ে বিচার করা যাবে না।

ক্রিয়েটরদের প্রকৃত পারফরম্যান্স বুঝতে হলে দর্শক ধরে রাখার হার, গড় দেখার সময় এবং মোট ওয়াচ টাইমের মতো পরিসংখ্যানগুলোর ওপর নজর রাখতে হবে। ক্রিয়েটরদের সুবিধার্থে ইউটিউবের অ্যানালিটিকসে আগের মতোই ‘এনগেজড ভিউ’ অপশনটি চালু থাকবে। এর মাধ্যমে দর্শকরা কতক্ষণ ভিডিও দেখেছেন তার সঠিক তথ্য পাওয়া যাবে। এছাড়া কিছু পরিভাষার নামও পরিবর্তন করা হচ্ছে, যেখানে বৈধ পাবলিক ওয়াচ আওয়ারকে এখন থেকে যোগ্য ওয়াচ আওয়ার হিসেবে উল্লেখ করা হবে।