ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৫৫ পিএম
বিশ্ব রাজনীতিতে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইউরোপের বেশ কয়েকটি দেশের সঙ্গে স্নায়ু যুদ্ধ-পরবর্তী দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে রাশিয়া। রুশ সরকার তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জার্মানি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও নরওয়েসহ ইউরোপের ১১টি দেশের সঙ্গে করা গুরুত্বপূর্ণ সামরিক চুক্তিগুলো শেষ করার অনুমোদন দিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পাদিত এসব সামরিক সহযোগিতা চুক্তি এখন আর কার্যকর থাকবে না।
রাশিয়ার এই তালিকার মধ্যে শক্তিশালী দেশ হিসেবে রয়েছে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম এবং চেক প্রজাতন্ত্র।
ইউক্রেন কেন্দ্রিক বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতার মধ্যে মস্কোর এই সিদ্ধান্তকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সরাসরি সামরিক ও কূটনৈতিক বিচ্ছেদের চূড়ান্ত ধাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এসব চুক্তির অধীনে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে রাশিয়ার যে সীমিত সামরিক ও কৌশলগত সমন্বয় ছিল তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল এই ঘোষণার মধ্য দিয়ে।উল্লেখ্য যে সোভিয়েত ইউনিয়নের পতনের পর প্রতিষ্ঠিত সামরিক কাঠামো ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিগুলো মূলত বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করত।
বিশেষ করে রাশিয়ার নেতৃত্বে থাকা কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও-র মতো জোটগুলো প্রাক্তন সোভিয়েত রাষ্ট্রগুলোর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করে আসছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি হওয়ায় পুতিন প্রশাসন এই পুরনো কাঠামোর ইতি টানল। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সামরিক সংঘর্ষের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন