মে ১৯, ২০২৬, ০৮:৪২ পিএম
পবিত্র কোরবানি উপলক্ষে বসা বিভিন্ন পশুর হাটে বাজার সংক্রান্ত ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে উচ্চশব্দে গান বাজানোর তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ। একটি মৌলিক ইবাদতকে কেন্দ্র করে গড়ে ওঠা পশুর হাটে এই ধরনের গান বাজানো এবং হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের জোরপূর্বক তা শুনতে বাধ্য করা অত্যন্ত দুঃখজনক।
আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বিবৃতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এই অসন্তোষ প্রকাশ করেন।তিনি এই পুরো বিষয়টিকে এক প্রকার অনধিকার চর্চার নামান্তর হিসেবে উল্লেখ করেছেন।
জিলহজ মাসের প্রথম দশকের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ ইবাদত হলো বেশি বেশি তাকবীর পাঠ করা। জিলহজে তাকবীরের গুরুত্ব ইসলামে এতটাই বেশি যে অনেক সাহাবী কেবল সাধারণ মানুষকে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর বলতেন।
সেই জায়গা থেকে হাটের মাইকে অনর্থক গান না বাজিয়ে মধ্যম আওয়াজে থেমে থেমে তাকবীর বাজালে তা একটি যুগান্তকারী এবং সুন্নাহসম্মত উদ্যোগ হবে। এই হারিয়ে যাওয়া সুন্নাহ ও নেক আমলের ধারা পুনরায় সচল করতে যার যার অবস্থান থেকে পশুর হাট কর্তৃপক্ষের কাছে এই কল্যাণকর দাওয়াত পেশ করার জন্য সাধারণ মুসলমানদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন