মে ৬, ২০২৬, ১২:৫৩ এএম
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তির পরপরই তৎপর হয়ে উঠেছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। সংস্থাটি বাংলাদেশ বিমানে মিশ্র বহর গঠনে সহায়তা করার প্রস্তাব দিয়েছে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট এডওয়ার্ড ডেলাহায়ে। এর মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাতে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর ইঙ্গিত দিল প্রতিষ্ঠানটি।
বৈঠকে এয়ারবাসের পক্ষ থেকে বাংলাদেশ বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত করার নানা যুক্তি তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটির মতে, মিশ্র বহর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বেশ উপকারী হবে।
এ সময় মন্ত্রী তাদের প্রস্তাবকে স্বাগত জানান। জাতীয় বিমান সংস্থার বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের সুযোগগুলো কাজে লাগাতে এয়ারবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া বৈঠকে বাংলাদেশের বেসামরিক বিমান খাতে বিস্তৃত সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
এর আগে গত ৩০ এপ্রিল রাতে বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কিনতে চুক্তি সই হয়। চুক্তির অধীনে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট উড়োজাহাজ কিনবে বাংলাদেশ।সেই চুক্তির মাত্র চার দিন পরই এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের কাছে মিশ্র বিমানবহরের বিভিন্ন সুবিধা তুলে ধরলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন