এপ্রিল ১৭, ২০২৬, ০৫:৫৩ পিএম
ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় ৮ জন আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, এয়ারবাস এইচ১৩০ মডেলের একটি হেলিকপ্টার বৃহস্পতিবার সকালে মেলাউই এলাকার একটি পাম অয়েল প্ল্যান্টেশন থেকে উড্ডয়ন করার মাত্র পাঁচ মিনিট পরেই নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংযোগ হারিয়ে ফেলে।
হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য অবস্থান করছিলেন। দুর্ঘটনাস্থলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত দুর্গম হওয়ায় উদ্ধারকাজ শুরুতে কিছুটা ব্যাহত হয়েছে।
উদ্ধার সংস্থা জানিয়েছে যে, হেলিকপ্টারটি যেখানে নিখোঁজ হয়েছিল সেই এলাকাটি ছিল অত্যন্ত ঘন বনাঞ্চল এবং খাড়া পাহাড়ি এলাকা। উদ্ধারকারীরা নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে হেলিকপ্টারটির লেজের অংশসহ কিছু ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন।
প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে স্থানীয় প্রশাসনকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শুক্রবার সকাল থেকে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় উদ্ধারকারীরা স্থলপথে মূল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরোহীদের কারোরই বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছেন।প্রাথমিক তথ্যানুযায়ী, বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারটি `ম্যাথিউ এয়ার নুসান্তারা` নামক একটি সংস্থার মালিকানাধীন এবং এটি ইন্দোনেশিয়ার পাম অয়েল কোম্পানি `সিত্রা মহকোতোর` প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহৃত হচ্ছিল।
ধারণা করা হচ্ছে, হেলিকপ্টারের যাত্রীরা সবাই ওই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মী ছিলেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে ইন্দোনেশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই কারিগরি ত্রুটি নাকি আবহাওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে দুর্ঘটনাস্থলটি সেনাবাহিনী ও পুলিশ কর্ডন করে রেখেছে।
সূত্র: রয়টার্স


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন