সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

প্রবাসীদের মেধা যুক্ত হবে প্রযুক্তিতে‍‍` ড. মাহদী আমিন

জাতীয় ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ১২:০৮ পিএম

প্রবাসীদের মেধা যুক্ত হবে প্রযুক্তিতে‍‍` ড. মাহদী আমিন

দেশের বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা এবং প্রবাসীদের অভিজ্ঞতাকে এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী ত্রিপাক্ষিক সামাজিক ও প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তোলা হবে। শিল্পখাত ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব কমিয়ে তরুণদের মেধা বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে। সম্প্রতি রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত এক জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন এই রূপরেখা তুলে ধরেন।

প্রবাসীদের মেধানির্ভর অভিজ্ঞতাকে জাতীয় অর্থনীতিতে যুক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বের নামি প্রযুক্তি প্রতিষ্ঠান ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর বাংলাদেশি গবেষক ও প্রকৌশলী সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তাঁদের দক্ষতাকে দেশের প্রযুক্তিগত অগ্রযাত্রায় কাজে লাগাতে চায় সরকার। একই সাথে তাত্ত্বিক শিক্ষার বাইরে গিয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে দক্ষ করে তুলতে প্রয়োগমুখী শিক্ষার পরিবেশ তৈরির ওপর জোর দেওয়া হয়। গবেষণার মান বাড়াতে সরকার এবার বাজেট বরাদ্দে বিশেষ গুরুত্ব দিয়েছে।

উপদেষ্টা তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই বিশ্বমানের গবেষণাগার না থাকায় গবেষণা পিছিয়ে পড়ছিল। তবে এবারের বাজেটে উচ্চশিক্ষা ও প্রযুক্তি খাতে বিশেষ নজর দেওয়া হয়েছে, যার মাধ্যমে ভবন নির্মাণের পাশাপাশি উন্নত ল্যাবরেটরি স্থাপন করা হবে। এছাড়া ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত প্রযুক্তি ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার মধ্যমেয়াদি পরিকল্পনার কথাও জানানো হয়।সরকারের সমন্বিত সুযোগ-সুবিধা পেলে উদীয়মান তরুণরা চতুর্থ শিল্পবিপ্লব, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।