অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৫৬ পিএম
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, “আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। একটি স্থগিত দল হওয়া মানে তাদের যাবতীয় কার্যক্রমও স্থগিত। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা (আওয়ামী লীগ) অংশগ্রহণ করতে পারবে না।”
রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেট জেলা পুলিশ লাইনসে আসন্ন নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা আশা করি, রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আশ্বস্ত করে বলেন, “অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘শাপলা’ প্রতীকের দাবির বিষয়ে ইসি আনোয়ারুল বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আইনগতভাবে কাজ করে। প্রতীক বরাদ্দ বিধিমালা
অনুযায়ী যে প্রতীকগুলো তালিকায় থাকে, সেখান থেকেই একটি প্রতীক দিতে হয়। আইন ও বিধি অনুযায়ী তারা যে প্রতীক চাচ্ছে, সেটি (শাপলা) তালিকায় না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না।”তিনি আরও জানান, নির্বাচন কমিশন বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ কোনো কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্বে না রাখার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন