অক্টোবর ২০, ২০২৫, ১০:৩০ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আজ (সোমবার) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এই সভায় ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাসঙ্গিক বিভিন্ন বিষয়ে সামরিক-বেসামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এই প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হচ্ছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই বৈঠকে সকল নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
সভায় যোগদানের জন্য সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, র্যাব-এর মহাপরিচালক এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ইসি যে প্রস্তুতি নিচ্ছে, এই উচ্চ পর্যায়ের বৈঠকটি তার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন