মে ২১, ২০২৬, ১২:১৬ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর ফলে তিনি পুনরায় তার দলীয় পদ ফিরে পেলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত ও শীর্ষ নেতৃত্বের অনুমোদনে তার ওপর আরোপিত সাংগঠনিক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।
এই আদেশের ফলে দলীয় কার্যক্রম ও রাজনীতি পরিচালনায় তার ওপর আর কোনো বিধিনিষেধ থাকছে না। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।আগামীতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ৪ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছিল। তারও আগে গত ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় সংসদ। সেই দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে অব্যাহতি আদেশ প্রত্যাহারের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম পুনরায় শুরু হলো।সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার প্রতি কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর নজরদারি রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন