মে ২১, ২০২৬, ০৪:৩৭ পিএম
বিচার বিভাগের স্বাধীনতা রুদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রক্ষমতায় আবারও কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে বিএনপি সরকার বিচার বিভাগকে পরিকল্পিতভাবে তার পুরনো ও নিয়ন্ত্রণাধীন অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে।হামিদুর রহমান আযাদ স্পষ্টভাবে জানান, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী যেকোনো পরিস্থিতির মোকাবিলায় আপসহীন অবস্থানে থাকবে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বর্তমান পরিস্থিতিকে বিচার বিভাগের ওপর এক চরম চপেটাঘাত হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, বিচার বিভাগীয় সচিবালয় বাতিল করার মধ্য দিয়ে সরকার মূলত বিচার বিভাগের স্বাধীনতাকেই রুদ্ধ করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জামায়াত নেতারা মনে করছেন, এই সিদ্ধান্ত সংবিধান ও আইনের শাসনের পরিপন্থি এবং এটি দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে।
বিচার বিভাগকে স্বাধীন করতে এবং তাদের দাবি আদায়ে জামায়াতে ইসলামী এখন রাজপথে পূর্ণ শক্তি নিয়ে নামবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।সরকারের গৃহীত এই বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে সাধারণ মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের শীর্ষ নেতারা জানান, বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করার যে কোনো অপচেষ্টা রুখে দিতে তারা রাজপথে যেকোনো কর্মসূচি পালন করতে বদ্ধপরিকর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন