শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
মূল্যবান ধাতু চোরাচালান

ইতালির বিমানবন্দরে ২৮ কেজি রুপাসহ বাংলাদেশি আটক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০৫:৩৩ পিএম

ইতালির বিমানবন্দরে ২৮ কেজি রুপাসহ বাংলাদেশি আটক

ইতালির রাজধানী রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি স্যুটকেসে করে প্রায় ২৮ কেজি রুপা বহনের অভিযোগে এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে দেশটির ফিন্যান্স পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিচিনো বিমানবন্দরে এই তল্লাশি চালানো হয়। স্থানীয় আদালতের আইনি বাধ্যবাধকতার কারণে আটক ওই ব্যক্তির নাম ও সুনির্দিষ্ট পরিচয় প্রকাশ করেনি দেশটির প্রশাসন। জব্দ করা এই বিপুল পরিমাণ রুপার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার ইউরোর বেশি।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, ওই বাংলাদেশি যাত্রী রোমের ফিউমিচিনো বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। ফ্লাইটে ওঠার আগে বিমানবন্দরের ফিন্যান্স পুলিশ এবং কাস্টমস ও মনোপলি সংস্থার যৌথ দল তার চেক-ইন ব্যাগেজে বিশেষ নজরদারি চালায়। প্রথমে এক্স-রে স্ক্যানার মেশিনের মাধ্যমে তার চারটি স্যুটকেস পরীক্ষা করা হলে ভেতরে সন্দেহজনক বস্তুর অস্তিত্ব ধরা পড়ে।

পরবর্তীতে সন্দেহভাজন স্যুটকেসগুলো খুলে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো রুপার অলঙ্কার ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। তল্লাশিতে সব মিলিয়ে উদ্ধার হওয়া রুপার মোট ওজন দাঁড়ায় প্রায় ২৮ কেজি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি জব্দ করা মূল্যবান ধাতুর বৈধ উৎস, ক্রয় সংক্রান্ত চালান বা মালিকানার কোনো আনুষ্ঠানিক কাগজপত্র দেখাতে পারেননি। আন্তর্জাতিকভাবে এই পরিমাণ রুপা বহনের প্রয়োজনীয় সরকারি অনুমোদন তার কাছে ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

যথাযথ নথি দেখাতে না পারায় উদ্ধারকৃত সব রুপা আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং দেশটির বিচারিক কর্তৃপক্ষও এই জব্দের আদেশ অনুমোদন করেছে। অভিযুক্ত বাংলাদেশিকে তাৎক্ষণিকভাবে কারাগারে না পাঠিয়ে তার বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। অবৈধ উৎসের সম্পদ গ্রহণ ও তা গোপনে স্থানান্তরের অভিযোগে তার বিরুদ্ধে বিচারিক তদন্ত চলছে। ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, এই রুপার প্রকৃত মালিকানা এবং এর সাথে কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা বিশদ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।