মে ১৫, ২০২৬, ০৫:১৩ পিএম
বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে অবশেষে মুক্তি পেল অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। কলম্বিয়ান পপ সেনসেশন শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিকভাবে বড় সব মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে অবমুক্ত করা হয়েছে। সপ্তাহখানেক আগে এক মিনিট সাত সেকেন্ডের একটি ছোট টিজারের মাধ্যমে ভক্তদের চমকে দিয়েছিলেন শাকিরা।
ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে গানটির চিত্রায়ন করা হয়েছে বলে ফিফা সূত্রে নিশ্চিত করা হয়েছে।তিন মিনিট ৪৫ সেকেন্ডের এই সংগীত এখন ফুটবল বিশ্বের প্রধান আকর্ষণ।
এই গানের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে এক বিশাল লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে বিশ্ব ফুটবল সংস্থা। ফিফা জানিয়েছে, গানটি থেকে প্রাপ্ত রয়্যালটির পুরো অংশ তাদের গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে জমা হবে। টুর্নামেন্ট শেষ হওয়ার পর এই খাত থেকে প্রায় ১০ কোটি ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে তাদের। এই বিশাল অংকের অর্থ ব্যয় করা হবে শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের উন্নয়নে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এর মাধ্যমে ফুটবলের বৈশ্বিক আবেদনের সঙ্গে মানবিক দায়বদ্ধতাকে যুক্ত করা হয়েছে।আসন্ন বিশ্বকাপের এই আসরটি বসবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী ১১ জুন থেকে ফুটবল যুদ্ধ শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের উত্তেজনা চূড়ায় পৌঁছাবে যখন নিউ জার্সিতে ফাইনাল ম্যাচের আয়োজন করা হবে। ফিফা এক ঘোষণায় জানিয়েছে, ফাইনাল ম্যাচের হাফ টাইমে দর্শকদের গানে গানে মাতাবেন পপ আইকন ম্যাডোনা, শাকিরা এবং জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড বিটিএস। সংগীত আর ফুটবলের এই মেলবন্ধন সমর্থকদের উন্মাদনা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।
বিশ্বকাপের ইতিহাসে শাকিরা এক অবিচ্ছেদ্য নাম। ২০১০ সালের বিশ্বকাপে তার গাওয়া ওয়াকা ওয়াকা থিম সংটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এর আগেও ২০০৬ এবং পরবর্তীতে ২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শাকিরার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল। এবার তার সঙ্গে বার্না বয়ের কণ্ঠ যুক্ত হওয়ায় নতুনত্বের ছোঁয়া পেয়েছে থিম সংটি। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ৩ মিনিট ৪৫ সেকেন্ডের দাই দাই গানটিই হবে ফুটবল ভক্তদের প্রধান অনুপ্রেরণা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন