রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ২৭ জুলাই

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২০, ২০২৬, ০৩:১৭ পিএম

সাকিবসহ ১৫ জনের প্রতিবেদন ২৭ জুলাই

শেয়ারবাজার কারসাজি ও অর্থ পাচারের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ জুলাই প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছে আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই নতুন তারিখ নির্ধারণ করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।গত বছরের ১৭ জুন ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা আত্মসাতের অভিযোগে এই মামলাটি করেছিল দুদক। আসামিরা পরস্পর যোগসাজশে শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত প্রচলিত আইন সুপরিকল্পিতভাবে লঙ্ঘন করেছেন।

 তারা কৃত্রিমভাবে দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ব্যাপক ক্ষতিসাধন করেন। আবুল খায়েরের কারসাজিকৃত প্যারামাউন্ট ইস্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপারসের শেয়ারে বিনিয়োগ করে বাজার কারসাজিতে যোগসাজশ করেন সাকিব।

এই প্রক্রিয়ায় সাধারণ বিনিয়োগকারীদের ধোঁকা দিয়ে সাকিব একাই ২ কোটি ৯৫ লাখ ২ হাজার ৯১৫ টাকা অপরাধলব্ধ আয় হিসেবে তুলে নেন।এই মামলায় সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের ওরফে হিরু এবং তার স্ত্রী কাজী সাদিয়া হাসান অন্যতম আসামি। অন্য আসামিদের মধ্যে রয়েছেন আবুল কালাম মাদবর, কণিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজি ফুয়াদ হাসান, শিরিন আক্তার ও জাভেদ এ মতিন। জুয়া ও গুজবের মাধ্যমে বাজারের কারচুপি করে তারা বিপুল অঙ্কের এই অর্থ বাজার থেকে আত্মসাৎ করেছেন।