মে ২০, ২০২৬, ০৩:২৮ পিএম
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে ব্রাজিল। দীর্ঘ আলোচনা ও সমালোচনার পর এই দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তাকে স্কোয়াডে রাখা হলেও নতুন কোচ কার্লো আনচেলত্তি তার ভূমিকা নিয়ে পরিষ্কার একটি বার্তা দিয়েছেন।দল ঘোষণার আগে সোমবার দিবাগত রাতে নেইমারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন কোচ।
গুরুত্বপূর্ণ ওই আলোচনায় ব্রাজিল ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর রদ্রিগো কায়েতানো উপস্থিত ছিলেন। সেখানে নেইমারকে সরাসরি জানানো হয় তিনি আগের মতো দলের অপ্রতিদ্বন্দ্বী কোনো কেন্দ্রীয় চরিত্র আর নন। তাকে দলের নেতৃত্ব দেওয়া হচ্ছে না। এমনকি শুরুর একাদশেও তার জায়গা এখন আর নিশ্চিত নয়।
আনচেলত্তি ইতোমধ্যেই নিজের পছন্দের একটি শুরুর একাদশ ঠিক করে রেখেছেন।খেলোয়াড়দের জন্য সম্পূর্ণ নতুন একটি আচরণবিধিও চালু করা হয়েছে। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে পুরো দলের মনোযোগ ধরে রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি সীমিত রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আনচেলত্তি অবশ্য নেইমারের ফিটনেসের উন্নতির প্রশংসা করেছেন।
তার দীর্ঘ অভিজ্ঞতা দলের তরুণদের জন্য বড় সহায়তা হবে বলে কোচ মনে করেন।আনচেলত্তি তাকে শুধু বদলি খেলোয়াড় হিসেবে ভাবছেন না। এক মিনিট, পাঁচ মিনিট, নব্বই মিনিট বা পেনাল্টি যেভাবেই হোক দলের জন্য তাকে কাজে লাগানো হবে। পুরো বিষয়টি নেইমার খুব ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।
ভিডিও কলে তিনি হাসিমুখে জানান দলের প্রয়োজনে যেকোনো ভূমিকায় খেলতে তিনি প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যমে সবুজ-হলুদ হৃদয়ের ইমোজি দিয়ে কোচিং স্টাফকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন।২০২৫ সালে আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা নেইমারের এই প্রত্যাবর্তনকে একটি বড় পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে।
তথ্যসূত্র: গ্লোবো, গোল ডটকম


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন