ডিসেম্বর ৭, ২০২৫, ১২:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। দামে সাশ্রয়ী হওয়ায় পেঁয়াজ নিয়ে এতদিন ধরে চলা অস্থিরতার মাঝে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। দিনাজপুরসহ সারাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে যে চাপ সৃষ্টি হয়েছিল।
তা এখন কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে বর্তমানে দুই ধরনের নতুন পেঁয়াজ পাওয়া যাচ্ছে—পাতাসহ এবং মুড়িকাটা।
বীরগঞ্জ পৌর বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হক জানান, পাতাসহ পেঁয়াজ তারা আঁটি হিসেবে বিক্রি করছেন। এই পাতাসহ পেঁয়াজের এক আঁটির ওজন প্রায় আধা কেজির মতো। খুচরা বাজারে প্রতি আঁটি বিক্রি হচ্ছে ২৫ টাকায়, আর পাইকারিতে আড়তে কেনা হচ্ছে প্রতি আঁটি ২০ টাকায়।
মুড়ি কাটা নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ওজন অনুযায়ী। মুড়ি কাটা এই নতুন পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১০০ টাকায়, আর পাইকারিতে আড়তে কেনা হচ্ছে প্রতিকেজি ৯০ টাকায়। বিক্রেতারা আশা করছেন, সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।তবে পুরনো পেঁয়াজের বাজার এখনও চড়া। খুচরা বাজারে প্রতিকেজি ১৪০ টাকা, আর পাইকারিতে প্রতিকেজি ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে পুরনো পেঁয়াজ।
সাশ্রয়ী দামের কারণে নতুন পেঁয়াজের দিকেই বেশি ঝুঁকছেন ক্রেতারা। পৌর বাজারে সবজি কিনতে আসা সারোয়ার জাহান বলেন, পুরনো পেঁয়াজের দাম বেশি, তাই তিনি আধাকেজি নতুন মুড়িকাটা পেঁয়াজ ৫০ টাকা দিয়ে নিলেন। আরেক ক্রেতা সেলিম রানা বলেন, "পাতাসহ এক আঁটি পেঁয়াজ ২৫ টাকায় কিনেছি। পেঁয়াজ আর পাতা—দুটোই তরকারিতে ব্যবহার করা যায়। তাই এই পেঁয়াজই এখন বেশি লাভজনক। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি।" বিক্রেতারা জানান, সামনে আরও নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও স্থিতিশীল হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন