মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২, ২০২৬, ০৮:৪২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর শহরের ঐতিহাসিক গোড়-এ শহীদ বড় মাঠের কেন্দ্রীয় ঈদগাহ মিনারের পাশ থেকে অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয়রা তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলার মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ব্যক্তির নাম আইয়ুব আলী।
তাঁর বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পূর্ব জয়দেবপুর গ্রামে। তবে অজ্ঞান অবস্থায় থাকায় তাঁর পরিবার বা স্বজনদের সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয়নি।
উদ্ধারকারী স্থানীয়রা জানান, জুমার নামাজের পর ঈদগাহ মাঠের কাছে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে মানবিক বিবেচনায় হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও জ্ঞান পুরোপুরি ফেরেনি।
এই সংবাদটি পড়ার পর যদি কোনো সহৃদয় ব্যক্তি আইয়ুব আলীকে চিনে থাকেন বা তাঁর পরিবারের পরিচয় জেনে থাকেন, তবে দ্রুত তাঁর স্বজনদের বিষয়টি অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর উপজেলার বাসিন্দাদের এই তথ্যের প্রচার ও প্রসারে সহযোগিতা কামনা করা হয়েছে।