মো: মামুনুর রশিদ
জানুয়ারি ২, ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের অন্যতম পরিচিত অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সমৃদ্ধি ফাউন্ডেশন’ তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠার তিন বছর পূর্তি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) রাতে দিনাজপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে দেড় শতাধিক গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যরা।
২০২২ সালের ৩১ ডিসেম্বর যাত্রা শুরু করা এই সংগঠনটি দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি ছিন্নমূল শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং ‘হাসির খাবার’ প্রকল্পের মাধ্যমে নিয়মিত খাদ্য সহায়তার মতো মানবিক কাজ করে আসছে।
খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমৃদ্ধি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. সাজিউল ইসলাম (সাজু), মালয়েশিয়া প্রবাসী ড. জাকির হোসেন এবং সাধারণ পরিষদের সিনিয়র সদস্য একরামুল হক আবির। এছাড়াও সংগঠনের ফাউন্ডার ওমর ফারুক, ভাইস-চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মণি এবং কোষাধ্যক্ষ মো. সেলিম ইসলামসহ সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আয়োজকরা বলেন, “সমৃদ্ধি ফাউন্ডেশন বিশ্বাস করে—এক বেলার খাবার শুধু ক্ষুধা নিবারণ নয়, বরং এটি ভালোবাসা ও মানবতার বার্তা। গত তিন বছর আমরা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও আমাদের এই সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।