সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুর রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন লার্নিং ল্যাব -এর নতুন যাত্রার উদ্বোধন

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ২, ২০২৬, ০৯:৫১ পিএম

দিনাজপুর রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন লার্নিং ল্যাব -এর নতুন যাত্রার উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরে প্রযুক্তি ও উদ্ভাবনে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘দিনাজপুর রোবোটিক্স অ্যান্ড ইনোভেশন লার্নিং ল্যাব’ (DRILL-ড্রিল)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই লার্নিং ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল।

তিনি বলেন, “আধুনিক বিশ্বের সাথে তাল মেলাতে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক প্রযুক্তি জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। ড্রিল-এর এই উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বাড়াতে অনন্য ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে রোবোটিক্স ও ইনোভেশনের গুরুত্ব নিয়ে একক বক্তব্য প্রদান করেন ড. মো. জাকির হোসেন। ড্রিল-এর সভাপতি মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোতাহার আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, ড্রিল-এর সাংগঠনিক সম্পাদক মো. মুকিত হায়দার শিপন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ সুমন এবং আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রায়হানুল ইসলাম।

এছাড়াও দিনাজপুর ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী, হাবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার ড. মো. রবিউল ইসলাম এবং মাহিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শরিফুল সাগরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ড্রিল ভবিষ্যতে দিনাজপুর অঞ্চলে প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।